বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘বাংলাদেশ ব্যাংকে প্রভাব খাটাতে চায় না সরকার’

নিজস্ব প্রতিবেদক : সরকার কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকে প্রভাব খাটাতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক নিজেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। আর তথাকথিত কেতাবি কায়দায়ও বাংলাদেশ ব্যাংক পরিচালিত হবে না।”

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরেফিন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদুল ইসলাম।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “আমরা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংককে ডিক্টেট করতে চাই না। বরং রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের মাধ্যমে সরকার কাজ করবে।”

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের কাছ থেকে মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সরকার রাজস্ব ব্যবস্থাপনা থেকে বিশেষ করে এসএমই খাতে প্রণোদনা, কর কাঠামো সংস্কার এবং যৌথ তহবিল গঠনের মতো পদক্ষেপ আগামী বাজেটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।

জনগণের কাছে দায়বদ্ধতার কারণে সরকার মাশুল দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ইউক্রেন যুদ্ধের সময় আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমলেও তৎকালীন সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না। তারা বারবার দাম বাড়িয়েছে এবং বিদেশে অর্থ পাচারের ঘাটতি মেটাতে সাধারণ মানুষের ওপর লুটপাট চালিয়েছে। সেই সরকারের অদূরদর্শিতা ও দায়বদ্ধতাহীনতার মাশুল এখন আমাদের সরকারকে দিতে হচ্ছে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার বিপুল জনরায় নিয়ে ক্ষমতায় এসেছে। তাই বৈশ্বিক সংকটের অভিঘাতে মানুষের জীবনযাত্রার কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ কারণেই জ্বালানি তেলের দাম এখনও বাড়ানো হয়নি।