আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার পর গত ৪৮ ঘণ্টায় কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারেনি এবং সেখান থেকে বেরও হতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বুধবার (১৫ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, অবরোধ চলাকালে নয়টি জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে গতিপথ পরিবর্তন করে ফিরে গেছে।
তবে সেন্টকমের এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজের আগের একটি প্রতিবেদনের সঙ্গে সম্পূর্ণ বিপরীত।
ফারস নিউজ দাবি করেছিল, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ইরানি সুপারট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে ইমাম খামেনি বন্দরের দিকে রওনা হয়েছে। প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম ওই জাহাজ পণ্য খালাস করেছে কি না, তা তখনো স্পষ্ট ছিল না।
সেন্টকম এবার ইরানের সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, তাদের অবরোধ নিশ্ছিদ্র রয়েছে। অবরোধ শুরুর পর থেকে ইরানের বন্দরে কোনো জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে পারেনি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ। এই পথে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ধারণা করা হচ্ছে, ইরানের ওপর মার্কিন চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এই কঠোর অবরোধ আরোপ করেছে।