রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ জিলকদ, ১৪৪৭ হিজরি

জ্বালানি পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব পালনের সময় জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের কারণে সারা দেশে ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এ পরিস্থিতিতে তাদের জন্য জ্বালানি পাম্পে পৃথক লাইনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এতে জরুরি অভিযান, টহল ও আইন-শৃঙ্খলা রক্ষার কাজে গতি আসবে এবং জনসেবা আরো কার্যকর হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) আইজিপি বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি জানায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।

চিঠিতে উল্লেখ করা হয়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, জরুরি অভিযান পরিচালনা, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্যোগকালীন সহায়তা এবং ২৪ ঘণ্টা জনসেবা প্রদানের মাধ্যমে পুলিশ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, দায়িত্ব পালনের সময় বেশিরভাগ পুলিশ সদস্যকে ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন ও রিকুইজিশনকৃত যানবাহন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে যেতে হয়। এ অবস্থায় জ্বালানি সংগ্রহের জন্য সাধারণ জনগণের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, ফলে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে।

চিঠিতে আরো বলা হয়, আসামি ধরতে অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে দ্রুত উপস্থিতি, দুর্যোগ ও দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক সাড়া প্রদানের মতো দায়িত্ব পালনে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে লাইনের বাইরে গিয়ে জ্বালানি সংগ্রহ করতে গেলে পুলিশ সদস্যরা জনঅসন্তোষ, অপ্রীতিকর পরিস্থিতি এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানারও সম্মুখীন হচ্ছেন।

জনস্বার্থে এবং জরুরি দায়িত্ব পালনের স্বার্থে, সারা দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সরকারি পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে জ্বালানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপির সদয় হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।