স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না আফিফ হোসেনের। পাকিস্তানের বিপক্ষে দলে ফিরে রান করতে ব্যর্থ হওয়ার পর শুক্রবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাটিংয়ে ভুগেছেন তিনি। ধীরগতির ব্যাটিং করায় গ্যালারি থেকে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে এই বাঁহাতি ব্যাটারকে।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ২৪৭ রান। জবাবে শুরুতেই দুই উইকেট হারালেও সাইফ হাসান ও লিটন দাসের ৯৩ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরায়। তবে ১৮ রানের ব্যবধানে দুজন ফেরার পর আবার চাপ বাড়ে। সাইফ করেন ৫৭ এবং লিটন করেন ৪৬ রান।
১৩২ রানে চতুর্থ উইকেট পতনের পর আফিফ ব্যাটিংয়ে নামেন। শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে সংগ্রাম করতে দেখা যায় তাকে। এক পর্যায়ে পুরো একটি ওভার খেলেও কোনো রান নিতে পারেননি। শেষ পর্যন্ত ৪৯ বলে ২৭ রান করে আউট হন তিনি, যেখানে কোনো বাউন্ডারি ছিল না।
তার ব্যাটিংয়ের সময় গ্যালারি থেকে দর্শকদের অসন্তোষ প্রকাশ পায়। মাঠ ছাড়ার সময়ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনা যায়।