রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ জিলকদ, ১৪৪৭ হিজরি

লোড‌শে‌ডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি : তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মোমবাতি বিতরণ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি এই প্রতীকী প্রতিবাদ জানান।

​মোমবাতি বিতরণকালে হাসনাত আব্দুল্লাহ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান জ্বালানি সংকটের বাস্তব পরিস্থিতি সরকার স্বীকার করছে না। সংসদে বারবার বলা হচ্ছে- দেশে তেলের কোনো অভাব নেই, অথচ বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি সংসদে সরকারের কাছে জানতে চেয়েছিলাম কোনো সমস্যা আছে কিনা। সরকার সমস্যা স্বীকার করে না, কিন্তু মানুষ অন্ধকারে থাকছে। তাই এর প্রতিবাদে আমরা জনগণের হাতে মোমবাতি তুলে দিচ্ছি।’

​স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের মাত্রা চরমে পৌঁছানোয় সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের ভোগান্তি এখন চর‌মে। শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের এই ব্যতিক্রমী প্রতিবাদকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।