টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে টঙ্গীর খরতৈল এলাকার একটি গলির ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ (২৪) একই এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ চঞ্চল (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক এহতেশামের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে মাসুদ ও চঞ্চলকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে মাসুদের কাছ থেকে ২০ গ্রাম এবং চঞ্চলের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।