আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য কয়েক ঘণ্টা উন্মুক্ত রাখার পর আবারও হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান।
শনিবার স্থানীয় সময় দুপুরে ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রণালির নিয়ন্ত্রণ আগের মতোই সামরিক বাহিনীর হাতে থাকবে।
এর আগে, শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ঘোষণা দিয়েছিল, যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত রুট অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছিল।
এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, ইরান প্রণালি খুলে দিলেও মার্কিন অবরোধ বহাল থাকবে যতক্ষণ না ইরানের সাথে চুক্তি সম্পন্ন হয়।
এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি বেশি দিন উন্মুক্ত থাকবে না।
ঘালিবাফের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি প্রতিরক্ষা বাহিনী পুনরায় অবরোধ জারি করে।
সূত্র : এপি