সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ জিলকদ, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে আমীর উদ্দিন গাজী (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে মাদরাসা ক্যাম্পাসের পুকুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুকুর থেকে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

নিহত আমীর উদ্দিন টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল । সে এরশাদনগর ১নং ব্লক এলাকার মৃত-আবুল খায়েরের ছেলে।

মাদরাসার শিক্ষার্থীরা জানায়, রোববার আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন গাজী মাদরাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় একঘন্টার চেষ্টায় রোববার সন্ধ্যায় পুকুরের গভীর পানির নিচ থেকে আমীর উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, আমাদের ডুবুরি দলের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ওই মাদরাসা ছাত্রের লাশ পুকুরের গভীরজল থেকে উদ্ধার করে। ছেলেটির বাবা জীবিত নেই। মায়ের সাথে এরশাদনগর এলাকায় বসবাস করে ওই মাদরাসায় পড়ালেখা করতো।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।