সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ জিলকদ, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন।

সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাপ্রধান কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা প্রদর্শনী ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) এবং ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬ এক্সিবিশন পরিদর্শন করেছেন। প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।

আগামী ২১ এপ্রিল সেনাপ্রধান ৮ম পুত্রজায়া ফোরামে অংশ নেবেন। আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সহযোগিতামূলক নীতি ও কৌশল নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

এছাড়া মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে সেনাপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। আইএসপিআর আশা করছে, এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরো সুদৃঢ় হবে।