নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, ২০২৪-২০২৫ অর্থবছরের আমদানি-রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে ভারতের সঙ্গে ঘাটতি সর্বাধিক। ওই অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, বিপরীতে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি আরও জানান, আফগানিস্তানে রপ্তানি হয়েছে ১১ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ২১ দশমিক ৮০ মিলিয়ন ডলার—ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন ডলার। ভুটানে রপ্তানি ১৪ দশমিক ৩৩ মিলিয়ন ডলার, আমদানি ৪৪ দশমিক ১০ মিলিয়ন ডলার—ঘাটতি ২৯ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। পাকিস্তানে রপ্তানি ৭৪ মিলিয়ন ডলার, আমদানি ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন ডলার—ঘাটতি ৬৮১ দশমিক ৩ মিলিয়ন ডলার।
অন্যদিকে নেপালের সঙ্গে রপ্তানি ৩৫ দশমিক ৪০ মিলিয়ন ডলার, আমদানি ৫ দশমিক ৫০ মিলিয়ন ডলার—যেখানে উদ্বৃত্ত রয়েছে। শ্রীলঙ্কায় রপ্তানি হয়েছে ৮২ দশমিক ৮৫ মিলিয়ন ডলার, আমদানি ৭৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার। মালদ্বীপে রপ্তানি ৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার, আমদানি ৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার।