শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে তেল সংগ্রহকে ঘিরে দেখা গেছে এক ভিন্নধর্মী চিত্র। সেচকাজে ব্যবহৃত শ্যালো মেশিন কাঁধে করে ফিলিং স্টেশনে হাজির হয়েছেন কয়েকজন কৃষক। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক তাদের ব্যবহৃত শ্যালো মেশিন খুলে কাঁধে করে একটি ফিলিং স্টেশনে নিয়ে যাচ্ছেন। সেখানে মেশিনে সরাসরি তেল নেওয়ার প্রস্তুতিও নিতে দেখা যায় তাদের। এমন দৃশ্য অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার সকালে নড়িয়া উপজেলার ডগ্রি বাজারে অবস্থিত মেসার্স চোকদার ফিলিং স্টেশনে তেল সংগ্রহের উদ্দেশে যান এসব কৃষক। বোতল বা ড্রামে তেল দেওয়া হয় না—এমন ধারণা থেকেই তারা মেশিনসহ পাম্পে যান, যাতে সরাসরি তেল নেওয়া যায়। পরে তারা সেখান থেকে তেল নিয়ে ফিরে যান।
ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা হয় না। তবে কৃষি কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি থাকলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে তেল সরবরাহ করা হয়।
স্টেশনটির পরিচালনাকারী আব্দুল জব্বার বলেন, আগে বোতলে অকটেন ও পেট্রোল বিক্রিতে নিষেধাজ্ঞা থাকায় আমরা তেল দিতে পারতাম না। সেই পুরনো ধারণা থেকেই অনেক কৃষক এখনো মনে করেন বোতলে তেল পাওয়া যায় না। তাই কেউ জেনারেটর, আবার কেউ শ্যালো মেশিন কাঁধে করে পাম্পে নিয়ে আসেন।
তিনি আরও জানান, জেলা প্রশাসন, ইউএনও ও কৃষি কর্মকর্তাদের সিদ্ধান্তে কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে বর্তমানে সীমিত আকারে বোতলে তেল সরবরাহ করা হচ্ছে।
এদিকে, ঘটনাটি স্থানীয়দের মধ্যেও নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব এবং তথ্য ঘাটতির কারণেই কৃষকদের এমন অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। কৃষকদের সুবিধা নিশ্চিত করতে বিষয়টি আরও স্পষ্টভাবে জানানো এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।