নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বই কিনতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে সেখানে যান তিনি।
জানা গেছে, প্রায় আধা ঘণ্টা বিশ্বসাহিত্য কেন্দ্রে অবস্থান করেন জাইমা রহমান। এ সময় ঘুরে ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরি বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন।
জাইমার সংগ্রহ করা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা। এ ছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও সংগ্রহ করেছেন তিনি।
বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরিয়ান সাদিয়া আফরোজ নিশাত বলেন, আজ বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরিতে একটি দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম। জাইমা রহমান এসেছিলেন আমাদের লাইব্রেরিতে। তিনি প্রায় ৩০ থেকে ৪০ মিনিট লাইব্রেরিতে সময় দিয়েছেন। তিনি আমাদের লাইব্রেরির সংগ্রহ দেখে লাইব্রেরির সদস্য হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।