শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাড়লো আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসভাড়া

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণ করে নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আন্তজেলা ও দূরপাল্লার রুটের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাসভাড়াও এতে সমন্বয় করা হয়েছে। শনিবার সংস্থাটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তবে সেদিন পর্যন্ত কোনো বাসে নতুন ভাড়ার চার্ট টানানো দেখা যায়নি।

রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা জানান, তারা বাসে নতুন ভাড়ার তালিকা দেখেননি এবং আগের হারেই ভাড়া নেওয়া হয়েছে। বাসের সুপারভাইজাররা বলেন, সংশ্লিষ্ট তালিকা হাতে না পাওয়ায় তা দৃশ্যমান করা সম্ভব হয়নি, তাই আগের ভাড়াই আদায় করা হচ্ছে।

সরকার ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে বাসভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলা বাসে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রয়েছে। গ্যাসচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না বলেও জানানো হয়। সেদিন তালিকা প্রকাশে দেরি হওয়ায় কয়েকটি রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে।

দূরপাল্লার রুটগুলোর নতুন ভাড়ার মধ্যে রয়েছে—
সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাস ৭০৪ টাকা ও ৪০ আসনের বাস ৫৫২ টাকা; কক্সবাজারে ৫১ আসনে ৯০০ টাকা ও ৪০ আসনে ১ হাজার ১৪৭ টাকা; টেকনাফে ৫১ আসনে ১ হাজার ৪৭ টাকা ও ৪০ আসনে ১ হাজার ৩৩৫ টাকা; সিলেটে ৫১ আসনে ৫৮০ টাকা ও ৪০ আসনে ৭৪০ টাকা; বরিশালে ৫১ আসনে ৪৬৪ টাকা ও ৪০ আসনে ৫৯২ টাকা; খুলনায় ৫১ আসনে ৫৪১ টাকা ও ৪০ আসনে ৬৯০ টাকা।

গাবতলী থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৫ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা; রংপুরে ৭৫১ ও ৯১১ টাকা; দিনাজপুরে ৯৭৪ ও ১ হাজার ২৪১ টাকা; ঝিনাইদহে ৫০১ ও ৬৩৯ টাকা; রাজশাহীতে ৭৭৭ ও ৯৯১ টাকা; মেহেরপুরে ৭৭৬ ও ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাখালী থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাস ২৯৪ টাকা ও ৪০ আসনের বাস ৩৭৫ টাকা; জামালপুরে ৩৮৬ ও ৪৯২ টাকা; শেরপুরে ৪২১ ও ৫৩৭ টাকা; কিশোরগঞ্জে ৪০১ ও ৫১১ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গ্যাসের দাম বাড়েনি, তাই গ্যাসচালিত যানবাহনে ভাড়া বৃদ্ধির সুযোগ নেই। এ ধরনের যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ডিজেলচালিত পরিবহনের ক্ষেত্রে জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কিলোমিটারে ভাড়া সমন্বয়ের অনুমোদন দেওয়া হয়েছে। গ্যাসচালিত যানবাহনে আগের ভাড়াই বহাল থাকবে এবং এ সিদ্ধান্তের ব্যত্যয় ঘটানো যাবে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়া-কমার সঙ্গে সমন্বয় করে দেশেও ভাড়া সমন্বয় করা হবে, যা বিআরটিএ প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর হবে। তেলের দাম বাড়লে ভাড়া বাড়বে, কমলে একই হারে কমবে—এমন একটি প্রক্রিয়া চালু করা হয়েছে বলেও তিনি জানান।

অটোরিকশা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজধানীর প্রধান সড়কে শৃঙ্খলা আনতে ধাপে ধাপে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, ঢাকার যানজট ও বিশৃঙ্খলা কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো চাপ ছিল না; ভর্তুকির চাপ ও জ্বালানি পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে। এতে ডিজেলের লিটারপ্রতি দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।