শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : উলশী খাল পুনঃখননের উদ্বোধন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সোয়া ১০টায় যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সোয়া ১০টায় যশোরে পৌঁছেছেন।’

এর আগে সকালে যশোরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, যশোর বিমানবন্দর থেকে সরাসরি যাবেন জেলার শার্শা উপজেলার উলাশীতে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে পুনঃখননস্থলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।
সেখান থেকে ফিরে বেলা সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের পৌনে দুই শ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এরপর যশোর সার্কিট হাউজে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ছাড়বেন।