ফেনী প্রতিনিধি : ফেনীতে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে শহরে জলাবদ্ধতা-ভোগান্তি দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমী এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, টানা বর্ষণের ফলে ড্রেন ও খাল দিয়ে পানি ধীরগতিতে নামছে। এতে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক পৌরসভার ১২টি টিম মাঠে নেমে এটি নিরসনে কাজ করছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, চলতি মৌসুমে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বজ্রসহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।