টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : দীর্ঘদিনের অবহেলা আর অব্যবস্থাপনার ভারে ন্যুব্জ এক সড়ক যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল অনিশ্চয়তার, প্রতিটি যাত্রাই ছিল ঝুঁকির। অবশেষে সেই সড়কে ফিরছে স্বস্তি। সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের বড় দেওড়া পুরান মসজিদ সংলগ্ন রজ্জব আলী মন্ডল মার্কেটের সামনে অবস্থিত গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা স্থানীয় জনজীবনকে দীর্ঘদিন ধরে বিপর্যস্ত করে রেখেছিল।
প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর এই পথ স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী এবং নামাজে আগত মুসল্লিদের জন্য ছিল এক নিত্য দুর্ভোগের প্রতিচ্ছবি। খানাখন্দে ভরা সড়ক আর বর্ষার পানিতে ডুবে থাকা অংশগুলো যেন হয়ে উঠেছিল অদৃশ্য ফাঁদের মতো; কোথায় গর্ত, কোথায় সমতল তা বোঝার কোনো উপায় ছিল না। ফলে ছোট-বড় দুর্ঘটনা যেন হয়ে উঠেছিল নৈমিত্তিক এক ঘটনা, আর পথচারীরা প্রতিনিয়ত শঙ্কা বুকে নিয়ে চলাচল করতে বাধ্য হতেন।
এমন এক সংকটময় বাস্তবতায় স্থানীয় বাসিন্দাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী। মানবিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থেকে তিনি নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজ হাতে নেন। তার এই উদ্যোগ যেন দীর্ঘদিনের অবহেলায় ক্লান্ত জনপদের বুকে আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে।
সংস্কার কার্যক্রম চলাকালে এলাকাটি পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা। উপস্থিত ছিলেন সাংবাদিক অলিদুর রহমান অলি, সাংবাদিক আক্তার হোসেন ঢালী, বিএনপি নেতা খলিল মিয়া, সমাজসেবক ইমাম হোসেন, মো. হোসেন আলী, নজরুল ইসলাম, মোকলেস মন্ডল, মুজিবুর রহমান, শায়েদ হোসেন লেবু এবং মাহবুব সরদারসহ অনেকে।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের প্রত্যাশা সংস্কার করায় সড়কটি আবারও হবে নিরাপদ ও ব্যবহার উপযোগী, আর বহুদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে এলাকার সাধারণ মানুষ।
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, জনগণের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। এই সড়কটি দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই নিজের সামর্থ্য অনুযায়ী দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল চেতনা।