শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এবং সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাজীপুর মহানগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জয়দেবপুর রেলক্রসিং এলাকায় প্রস্তাবিত ওভারপাস নির্মাণকাজের ভূমি অধিগ্রহণ ও নকশা পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
রোববার কৃষি গবেষণা এলাকা থেকে রথখোলা মাঠ পর্যন্ত প্রস্তাবিত ওভারপাসের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শনকালে তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক জটিলতা, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া এবং জনসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানান, এই ওভারপাস বাস্তবায়িত হলে জয়দেবপুর রেলক্রসিং এলাকার দীর্ঘদিনের যানজট অনেকাংশে কমে আসবে।
একই দিনে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের পদহারাবাইদ দেওয়ানবাড়ি বাইতুল নূর জামে মসজিদের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিটি প্রশাসক শওকত হোসেন সরকার। পরে তিনি একই এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের মেরামত কাজের উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনেন তিনি এবং দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বিকেলে ৪১ নম্বর ওয়ার্ডের নাইস আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের মেধা ও নৈতিক শিক্ষার বিকাশে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সন্তানদের শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠালেই দায়িত্ব শেষ নয়, তাদের সুশিক্ষা ও নৈতিক বিকাশে পরিবারকেও সমান ভূমিকা রাখতে হবে।”
দিনের শেষভাগে ৪১ নম্বর ওয়ার্ডের সাতানীপাড়া এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকল ধর্মের মানুষের পাশে থেকে সমানভাবে উন্নয়ন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।