সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ জিলকদ, ১৪৪৭ হিজরি

টঙ্গীর হাজীর মাজারবস্তিতে পুলিশী অভিযানে ৩৯জন গ্রেপ্তার, গোপন কক্ষের সন্ধান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর মাদকের হাটখ্যাত হাজীর মাজারবস্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৩৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
অভিযানকালে পুলিশ ওই বস্তিতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের খোঁজ পেয়েছে।

পুলিশ জানায়, মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার রাতে টঙ্গীর হাজীর মাজারবস্তিতে অভিযান চালায় একদল পুলিশ। এসময় মাদক কারবারি, মাদক সেবন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ৩৯জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশ বস্তিতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ খোঁজ পায়। পরে ওইকক্ষে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করেন। একপর্যায়ে বিলাসবহুল ওইকক্ষে যাতায়াতের জন্য একটি গোপন সুড়ঙ্গপথেরও সন্ধান পায় পুলিশ। সমাজের বিত্তবান লোকেরা এখানে মাদক সেবন করতে আসে বলে পুলিশের সন্দেহ।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে বিভিন্ন অপরাধে ৩৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।