খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর এলাকায় রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুর থেকে কৃষ্ণ দে (৫২) নামে পরিবহন শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ| অপর দিকে জেলা মানিকছড়িতে স্বামীর কোদালে কোপে দুই সন্তানের জননী মাহিনুর আক্তার(২৪) নামে এক গৃহবধূ খুন হয়েছে| এ ঘটনায় স্বামী আবুল কালামকে আটক করেছে পুলিশ|
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়| পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়|তার নাম কৃষ্ণ দে (৫২)| সে পরিবহন শ্রমিক বলে জানিয়েছে পুলিশ| পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে| তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ|
এদিকে মানিকছড়িতে স্বামীর কোদালের কোপে মাহিনুর আক্তার(২৪) নামে এক গৃহবধূ খুন হয়েছে| খরব পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ| মাহিনূর মানিকছড়ির গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে ও দুই শিশু পুত্র সন্তানের জননী| স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে মাহিনুর আক্তারের স্বামী আবুল কালামমের দাবী, বৃহস্পতিবার সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাকবিতন্ডা ও মারামারি হয়| ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় কুপ পড়ে| এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর|
তবে নিহতের পিতা আবু তাহেরের দাবী তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে| এঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি তার দাবী|
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে| এঘটনায় জড়িত থাকা ঘাতক স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে| আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন’|