টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে হওয়া একপশলা হালকা বৃষ্টির পরপরই আঞ্চলিক সড়কে পানি জমে জনদুর্ভোগ দেখা দেয়। এতে পথচারী, যানবাহন চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সোমবারে দুপুরের সামান্য বৃষ্টিতেই টঙ্গী পৌরসভার ভিতর, কলেজ রোড, সফিউদ্দিন রোড, মোক্তারবাড়ি রোড, হোসেন মার্কেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর, খাঁ-পাঁড়া রোড, সাতাইশ রোড়, এরশাদনগরসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। অনেক স্থানে ড্রেনেজ ব্যবস্থা অপরিষ্কার ও দুর্বল থাকায় দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকে।
রিকশাচালক মমিন উদ্দিন বলেন, বৃষ্টি হলেই টঙ্গীর রাস্তায় পানি জমে যায়। এতে রিকশা চালাতে সমস্যা হয়, অনেক সময় রিকশার মটরে পানি ঢুকে নষ্ট হয়ে যায়।
স্থানীয় পথচারী ও ব্যবসায়ী আতিকুর রহমান জানান, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল কষ্টকর হয়ে পড়ে। দোকানের সামনে পানি থাকায় ক্রেতা কমে যায়, ব্যবসায়ও ক্ষতি হচ্ছে।
কলেজগেট এলাকার বাসিন্দা সৈকত হোসেন বলেন, দুপুরের সামান্য বৃষ্টিতে পৌরসভা প্রাঙ্গণসহ কলেজরোডের বিভিন্নস্থানে পানি জমে গেছে। এতে সড়কে চলাচল করতে সমস্যা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক বলেন, দীর্ঘদিন ধরে কিছু এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা রয়ে গেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।
এব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোন-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বৃষ্টি বন্ধ হওয়ার কিছু সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার পানি নেমে যায়।