শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি শুধু ঘোষণায় সীমাবদ্ধ নয়, বরং মাঠপর্যায়ে ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমে এর সুফল পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়—এমন বার্তাই উঠে এসেছে গাজীপুরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে।
বুধবার সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নূরুল করিম ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন মো. শাহরিয়ার নজির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শামীমা নাসরিন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের জনমুখী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর জেলায় ইতোমধ্যে ৫টি খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কৃষিবান্ধব কর্মসূচির সুফল ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে পৌঁছাতে শুরু করেছে।
জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে জেলার বিভিন্ন স্থানে ৯টি উঠান বৈঠক, পারিবারিক সমাবেশ, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনীসহ মোট ২১টি প্রচার কার্যক্রম পরিচালনার তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি অনলাইনভিত্তিক প্রচার কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. মো. মামুনুর রহমান জেলার স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও স্বাস্থ্য উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বক্তব্য দেন মুহাম্মদ মতিয়ার রহমান, মো. রফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ব্রিফিংয়ে জানানো হয়, ভূমি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে আগামী ১৯ থেকে ২১ মে গাজীপুরে ‘ভূমি সেবা মেলা’ আয়োজন করা হবে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দ্রুততম সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা খাতেও জেলার অগ্রগতির চিত্র তুলে ধরে জানানো হয়, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু রয়েছে এবং জেলার দুই উপজেলায় ৬৩টি বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।
এছাড়া জেলা প্রশাসনের মানবিক উদ্যোগ ‘ভালো কাজের ভালো মানুষ’-এর মাধ্যমে সমাজের নিঃস্বার্থ ও মানবিক মানুষদের খুঁজে বের করার কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কন্টেন্ট ক্রিয়েটরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম ধাপে ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনগণের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়ে শেষ হওয়া এ প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।