টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ফারুক হোসেন (৩৭) নামে তাবলীগ জামাতের এক সাথীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে টঙ্গী মরকুন কুদ্দুস খলিফা রোডের গুদারাঘাট এলাকায় বৃহস্পতিবার ভোরে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। পরে নিহতের কক্ষ থেকে ডায়রিতে লেখা বিভিন্ন পাওনাদারদের হিসাব এবং ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’ লেখা সংবলিত একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
নিহত ফারুক ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি মরকুন গুদারাঘাট এলাকায় তাদের নির্মাণাধীন বাড়ি দেখাশোনার দায়িত্বে ছিলেন।
নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন জানায়, মরকুন গুদারাঘাট এলাকায় তারা পারিবারিকভাবে ৭তলা একটি বিল্ডিং তৈরি করছিলেন। নির্মাণাধীন বিল্ডিংয়ের দেখাশোনার দায়িত্বে ছিলেন ফারুক হোসেন। তিনি তাবলীগ জামাতের সাথী হিসেবেও এলাকায় কাজ করতেন। বুধবার রাতে তিনি গুদারাঘাট জামে মসজিদে এশার নামাজ পড়ে নির্মাণাধীন বাড়িতে আসেন। পরে সকাল পৌণে ৬টার দিকে সিকিউরিটি গার্ড ওই বিল্ডিংয়ের লিফটের খালি জায়গায় ফারুকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছে।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।