রবিবার, ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

শিক্ষা ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের অসন্তোষ ও অভিভাবকদের সমালোচনার মুখে অবশেষে শনিবার (২৩ মে) থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২২ মে) রাত পৌনে ৯টার দিকে মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে শনিবার থেকে ৬ জুন শনিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
ফলে বৃহস্পতিবার (২১ মে) ছিল বিদ্যালয়ের শেষ কর্মদিবস।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, শুক্রবার থেকেই কার্যত প্রাথমিক বিদ্যালয়ের ঈদের ছুটি শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

এ নির্দেশনার পর বিভিন্ন জেলায় বিদ্যালয় খোলা রাখা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
কোথাও শনিবার বিদ্যালয় খোলার নির্দেশনা দেওয়া হয়, আবার কোথাও শুধু অফিস কার্যক্রম চালুর কথা বলা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত শনিবারও বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে প্রায় তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন শিক্ষক কর্মরত রয়েছেন এবং প্রায় এক কোটি কোমলমতি শিক্ষার্থী পড়াশোনা করছে।