বুধবার, ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ জিলহজ, ১৪৪৭ হিজরি

মে মাসে এলো ৩৪২ কোটি ডলার : ঈদে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

অর্থনীতি রিপোর্ট : পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ঈদের কেনাকাটা ও পরিবারের প্রয়োজন মেটাতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা বেশি পরিমাণে অর্থ পাঠানোয়, মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত মে মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চে, যার পরিমাণ ছিল ৩৭৫ কোটি ২২ লাখ ডলার। সেই হিসাবে মে মাসের এই প্রবাহ দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। সংশ্লিষ্টরা বলছেন, মে মাসের ২৮ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ায়, মাসজুড়ে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা ব্যাপক হারে বেড়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৫০ কোটি ৬৮ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক শূন্য ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।

চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের চিত্র ছিল বেশ ইতিবাচক। জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার। এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিলে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভও বেশ ইতিবাচক ধারায় ফিরেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী, বর্তমানে প্রকৃত রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার।