বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআই

অর্থনীতি ডেস্ক : দশম চায়না-সাউথ এশিয়া এক্সপো (সিএসএই) এবং ৩০তম চায়না কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) একটি ব্যবসায়িক প্রতিনিধি দল।

আগামী ১১ থেকে ১৬ জুন চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে ওই মেলা অনুষ্ঠিত হবে। সংগঠনটির সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দলটি অংশ নেবে।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিসিসিসিআই জানায়, চেম্বারের সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে ২৩ সদস্যের ব্যবসায়িক প্রতিনিধি দল ১০ম চায়না–সাউথ এশিয়া এক্সপো (সিএসএই) ও ৩০তম চায়না কুনমিং আমদানি ও রপ্তানি মেলা ২০২৬ অংশগ্রহণ করবে। প্রতিনিধি দলে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা অন্তর্ভুক্ত রয়েছেন, যার মধ্যে রয়েছে বস্ত্র, তৈরি পোশাক (আরএমজি) ও গৃহস্থালি বস্ত্র, ওষুধ শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, উৎপাদন শিল্প, বাণিজ্য এবং সেবা খাত ।

এই সফরের মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করা, ব্যবসা-থেকে-ব্যবসা (বিটুবি) সংযোগ বৃদ্ধি করা, চীনের বাজারে বাংলাদেশের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করা। বিশেষভাবে বস্ত্র ও তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, কৃষিভিত্তিক পণ্যসহ উচ্চ মূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া হবে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাসে সহায়তা করবে।

বিবৃতিতে আরও জানায়, সফরকালে প্রতিনিধি দল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ–চীন বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম, উচ্চ পর্যায়ের ব্যবসায়িক বৈঠক এবং বিভিন্ন নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণ করবে। এছাড়া বিসিসিসিআই চীনের মেশিনারি ও ইলেকট্রনিক পণ্য আমদানি ও রপ্তানি চেম্বারের (সিসিআইইএম) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে, যার মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যাংক অব হুঝৌ কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়েও আলোচনা চলমান রয়েছে বলে জানায় সংগঠনটি।