খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশায় চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা অর্পনা ধরের মর্মান্তিক মৃত্যু হয়েছে| নিহত শিক্ষিকা খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন | তিনি এডিসি এলাকার বাসিন্দা অপু ধরের স্ত্রী ও দুই সন্তানের জননী বলে জানা গেছে|
জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অর্পনা ধর খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন| শালবাগান গেইট এলাকায় পৌছলে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সাথে অর্পনা ধরের ওড়না পেঁচিয়ে যায়| এতে তার গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন| স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে|