এম আবদুল্লাহ :
দু’বছর আগে অবিস্মরণীয় এক গণবিস্ফোরণে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। নির্বাসনে থাকা দলের নেতাদেরও তাঁর সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে গত বৃহস্পতিবার রাতে টেলিফোনে সাক্ষাৎকার দেন দিল্লিতে আশ্রিত শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি নির্দিষ্ট করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার তাঁকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিচ্ছে, কিন্তু তিনি নিজেই দেশে ফিরবেন। তিনি আরও বলেন, ‘আমাদের প্রায় সব নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁদের অনেকেই আত্মগোপনে আছেন। তাই আমি বলেছি, এবার আমি দেশে ফিরছি। একদিন তোমরাও সবাই এসো। আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব।’ বিচারব্যবস্থায় বিশ্বাস আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিচারপ্রক্রিয়া শুরু হলে মানুষ বুঝতে পারবে আদালতটি কতটা প্রহসনের। আর আমি সেটাই প্রমাণ করতে চাই।’
শেখ হাসিনার এ বক্তব্য নিয়ে আলোচনার ঝড় তোলার চেষ্টা দেখা যাচ্ছে। তার ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে-বিদেশে সরবে-নিরবে থাকা ফ্যাসিস্ট দোসর ও কালচারাল ফ্যাসিস্টরা ভার্চুয়াল জগতে ঝাঁপিয়ে পড়েছেন। তারা এমন প্রশ্নও রাখছেন- ‘এবার কী করবে সরকার’। দেশে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার তাবেদার মিডিয়া পাড়ায়ও কেমন জানি ফুরফুরে ভাব দেখা যাচ্ছে। ফ্যাসিবাদের এক সেবাদাসী লাইভে বলছিলেন- ‘শেখ হাসিনা কোন কথা বললে বা ঘোষণা দিলে তা রক্ষায় ঝুঁকি নেন, এটা প্রমাণিত’।

এমন একটি সময়ে মিডিয়া ও ভার্চুয়াল জগৎ শেখ হাসিনার ‘ফেরা নাটক’ নিয়ে ব্যস্ত যখন দেশে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সমুপস্থিত। জুলাই অভ্যুত্থান বার্ষিকী পালনে যারা আগ্রহী ও উৎসাহী তাদেরকে এক ধরনের বার্তা দিতেই হয়তো এই সময়টিকে বেচে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে- শেখ হাসিনা কেন ছয় মাস পরে একটি নির্দিষ্ট সময় দিয়ে ফেরার ঘোষণা দিয়েছেন? ডিসেম্বরে যদি ফিরতে আগ্রহী হন তাহলে আগস্টে কেন নয়? আবার লক্ষণীয় বিষয় হচ্ছে, নিজের ফেরার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ফেরার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেও শুভঙ্করের ফাঁক আছে। বলেছেন- ‘এবার আমি দেশে ফিরছি, একদিন তোমরাও সবাই এসো। আমরা সবাই এক সঙ্গে আদালতে আত্মসমর্পন করবো’। এর মানে কী? শেখ হাসিনা ফিরবেন, তিনি মেহমান খানায় রেস্টে থাকবেন, তার পর এক সময় বিদেশে পলাতকরা আসবেন। অতঃপর তিনি সবাইকে নিয়ে ডাকঢোল বাজাতে বাজাতে আত্মসমর্পন করবেন। বাহ! দারুণ পরিকল্পনা বটে! একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী দেশের সীমানার মধ্যে প্রবেশ করা মাত্র তাঁর ব্যাপারে রাষ্ট্র বা সরকারের করণীয় কি, সেটা শেখ হাসিনা জানেন না? তিনি আত্মসমর্পনের সুযোগ পাবেন কিভাবে? ফাঁসির দণ্ড ছাড়াও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে কতগুলো, সেটা কি তাঁর কাছে হিসাব আছে?
দেশে আসতে হলে তাঁর ট্রাভেল ডকুমেন্ট লাগবে। পাসপোর্টতো বাতিল করা হয়েছে অভ্যুত্থানের পরই ড. ইউনুস সরকারের সময়ে। এখন তাঁকে দেশে নিয়ে আনতে হলে বা নিজে আসতে চাইলে প্রথমে দিল্লির মিশন থেকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে হবে। তা ছাড়াতো তিনি বিমানেই আরোহন করতে পারবেন না। ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। দিল্লিপতি নিয়মনীতির বাইরে গিয়ে কোন একটা এয়ারক্রাপটে তুলে দিলেই কি সেটাকে ঢাকায় স্বাগত জানানো হবে? তা হতে হলে দু’দেশের সরকারি পর্যায়ে বোঝাপড়া হতে হবে। দণ্ডিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্যে ঢাকা যে তাগাদাপত্র দিয়েছে একাধিকবার, তার আওতায় নির্দিষ্ট পক্রিয়ায় পলাতক আসামীদের যেভাবে ধরে আনা হয় সেভাবে আসতে হবে শেখ হাসিনাকে। এর আগে একবার শেখ হাসিনা বলেছিলেন- ‘আমি কাছেই আছি। যে কোন সময় টুপ করে বাংলাদেশে ঢুকে পড়বো’। তখনও দলের কিছু নির্বোধ নেতাকর্মী সীমান্তের দিকে চেয়েছিলেন। বলেছিলেন. ‘নেত্রী দিল্লি ছেড়ে সীমান্তবর্তী রাজ্যে চলে এসেছেন’। সেই ‘টুপ করে’ ঢুকে পড়া দেড় বছরেও কিন্তু হয়নি।
স্ট্যান্টবাজিতে শেখ হাসিনার জুড়ি মেলা ভার। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা, চাঙ্গা রাখা, মনোবল ধরে রাখার কৌশল হিসেবে এমন আওয়াজ দিচ্ছেন বলে ধারনা করা হচ্ছে। যারা ভাবছেন, শেখ হাসিনা ঝুঁকি নেবেন, তারা একবারও চিন্তা করেন না, ঝুঁকি নেওয়ার মুরোদ থাকলেতো চব্বিশের ৫ আগস্টেই নিতেন। অন্য নেতা, মন্ত্রী, আমলা বা স্পীকার শিরিন শারমিনের মতো ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার ন্যুনতম ঝুঁকিওতো নিতে চাননি। কথায় কথায় জীবনটা জনগণের জন্যে উৎসর্গ করার বয়ান দিলেও দেশ ও জনগণের চেয়ে নিজের জীবনের মায়া যে কত বেশি তা শেখ হাসিনা বার বার প্রমাণ করেছেন। পঁচাত্তর সালে পিতা-মাতাসহ পরিবারের সব সদস্যের মর্মান্তিক মৃত্যুর পর কি জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে শেষ বারের মতো দেখা কিংবা দাফন কাপনের জন্যে আসার চেষ্টা করেছিলেন? না, করেননি। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সরকারের পক্ষ থেকে বার বার দেশে ফেরার অনুকূল পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি জানান দেওয়ার পরও তখন অন্ততঃ ৩ বার ফেরার তারিখ পরিবর্তন করেছেন। সংবাদপত্রের পাতায় তার প্রমাণ আছে। সর্বশেষ এসেছেন রাষ্ট্রপতি জিয়াকে খুনের ষড়যন্ত্র চূড়ান্ত করে। তার ফেরার অল্পকিছু দিনের মাথায় নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে জীবন দিতে হয়।
আবার ২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী মঈন-ফখরুদ্দিনের শাসনেও জীবন দেওয়াতো দূরে থাক জেলের ঝুঁকিও বেশি দিন নিতে পারেননি শেখ হাসিনা। মাইনাস টু ফর্মুলার আওতায় সম্মত হয়ে, সমঝোতা করে দেশ ছেড়ে চলে যান। তখন মাথার ওপর মৃত্যুদণ্ডের রশি ঝুলেনি। রাজনীতি না করার প্রতিশ্রুতি দিয়েই সে সময় দেশ ছেড়েছিলেন তিনি। পরে বেগম খালেদা জিয়াকেও একইভাবে রাজনীতি থেকে মাইনাস করে নির্বাসনে পাঠাতে চাইলে তিনি রাজি হননি। তাঁর দৃঢ় ও অনমনীয় মনোভাবের সুবিধা পান শেখ হাসিনা। এক পর্যায়ে খালেদা জিয়াকে রাজি করাতে না পারার যুক্তিতে শেখ হাসিনাকে ফিরতে দিতে বাধ্য হয় সেই সেনাসমর্থিত সরকার।
এরশাদের আমলেও শেখ হাসিনা জেল-জুলুমের ঝুঁকির পরিবর্তে বোঝাপড়ায় ক্ষমতার রাজনীতির অন্ধকার গলিতে হেঁটেছেন। মোটা অংকের লেনদেন করে ১৯৮৬ সালের নির্বাচনে গিয়ে এরশাদের স্বৈরশাসনকে বৈধতা দিয়েছেন। সেই শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে আসবেন এমনটা বিশ্বাস করা অত সহজ নয়। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এনসিপি’র প্রধান নাহিদ ইসলাম বলেছেন- শেখ হাসিনাকে আসতে হবে বা ফিরিয়ে আনতে হবে মৃত্যুদন্ডের রায় কার্যকরের অংশ হিসেবে। তিনি বলেন, ‘এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না, তিনি কীভাবে আসবেন। তিনি কাদেরকে নিয়ে আসবেন, সারেন্ডার (আত্মসমর্পণ) করবেন কি করবেন না-এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে-তাঁকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাঁকে আনতে হবে।’
এর আগের লেখায় বিস্তারিত লিখেছিলাম, গণঅভ্যুত্থানে বিতাড়িত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা কোন কোন প্রেক্ষাপটে ফিরতে পারেন। সে ধরনের প্রেক্ষাপট ডিসেম্বরের মধ্যে তৈরি হবে-এমনটা বিশ্বাস করার মতো অর্বাচীন শেখ হাসিনা নন। তবে হ্যাঁ, মজ্জাগতভাবে ষড়যন্ত্রকারি শেখ হাসিনার কোন ব্ল-প্রিন্ট থাকতে পারে। সে ব্লপ্রিন্ট বাস্তবায়ন করতে ক্ষমতাসীন তারেক রহমানের সরকার কিংবা জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি দেবে কিনা সেটা দেখার বিষয়। কিছু কিছু ক্ষেত্রে সরকারের পদক্ষেপ পতিত শক্তিকে যে আশান্বিত করে তুলছে তা অস্বীকার করার উপায় নেই। এখনও পর্যন্ত প্রশাসন, বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনীতে শেখ হাসিনার অনুগতরা সক্রিয় রয়েছে। অনেকে বেশ ভালোভাবেই আছেন। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেকের যত্ন-আত্মিতে হাসিনা ঘনিষ্ঠ অনেক সামরিক-বেসামরিক আমলা সুযোগের অপেক্ষায় রয়েছেন। ফলে সরকারের ভেতরকার রাজনৈতিক কৌশল ও প্রশাসনিক পরিকল্পনা খুব দ্রুতই জেনে যাচ্ছেন সীমানার বাইরে থাকা পলাতক নেতারা। শেখ হাসিনা নিজেও যোগাযোগ রাখছেন। কাউকে খোঁটা দিয়ে, কাউকে ধমক দিয়ে কব্জায় রাখতে চাইছেন।
শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যেসব বৈঠক করছেন, সেগুলোতে দেশে ফেরার বিষয়ে আলোচনায় একটি বিষয় প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে। যত বিলম্ব হবে, ফেরা তত কঠিন হবে বলে আলোচনায় উঠে আসছে। যত দিন যাবে, সরকার ততই নিজের অবস্থান সংহত করে নেবে বলেও নেতারা ভার্চুয়ালি মত দিচ্ছেন। প্রশাসন পুরোমাত্রায় পুনর্বিন্যাস হলে আন্দোলন সফল করা কঠিন হবে-এমনটাই বলছেন তৃণমূল আওয়ামী লীগের নেতারা। বিশেষতঃ শেখ হাসিনার অনুগত আমলা ও বিভিন্ন বাহিনীর পলাতক ও পদচ্যুত-চাকরিচ্যুত কর্মকর্তারা ভার্চুয়াল সভায় ও যোগাযোগে যুক্তি দেখাচ্ছেন- আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আন্দোলনে সহায়তা করার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি।
অভ্যুত্থানের দু’বছরের মাথায়ও হাসিনার দেড় দশকে নিয়োগপ্রাপ্তরা প্রশাসন, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থায় সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পেরেছে। তাদের মধ্যে গোপন যোগাযোগ এবং শলাপরামর্শ নিয়মিতভাবে হচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে হলে সহসা সরকারকে বড় ধাক্কা দিতে হবে। নতুন নিয়োগ ও বড় ধরনের পরিবর্তন হয়ে গেলে তা কঠিন হয়ে যাবে এমন আলোচনা হচ্ছে ভার্চুয়াল যোগাযোগে।
রাজধানী ঢাকাকে ঘিরে বড় ধরনের নাশকতা এবং আন্দোলনের ছক কষছেন পলাতক নেতারা। তারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন যে, বিমানবন্দর ঘিরে বিপুল লোকসমাগম করলে এবং পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একটি অংশ নিষ্ক্রীয় থেকে পরোক্ষ সহযোগিতা করলে সরকার বেসামাল অবস্থায় পড়বে। বাধ্য হয়ে শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে রাজনীতির সুযোগ দেবে। এরই মধ্যে গ্রেফতার হওয়া অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী জামিনে মুক্তি পাওয়ায় বিচারাঙ্গন নিয়েও তাদের মধ্যে আশাবাদের জায়গা আছে। উচ্চ আদালতে এখনও পর্যন্ত শেখ হাসিনার শাসনে নিয়োগপ্রাপ্তদের সংখ্যাধিক্য রয়েছে। আপাতত তারা বিএনপি’র আইনজীবী নেতাদের তুষ্ট করে টিকে আছেন। সময়মতো স্বরূপে ফেরার অপেক্ষায় আছেন বলেও আওয়ামী মহলে আলোচনা রয়েছে। একই অবস্থা মিডিয়া পাড়ায়ও। বড় ধরনের পরিবর্তন না হওয়ায় সময়মতো প্রয়োজনীয় সাপোর্ট পাওয়ার ব্যাপারে পতিত দলটি আশাবাদী।
অনেকের স্মরণ থাকার কথা, ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের মধ্যস্থতায় মঈন-ফখরুদ্দিনের সরকারের সঙ্গে বোঝাপড়ার পাতানো নির্বাচনে ২০০৯ সালে ৬ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগ। এক বছরের মাথায় তারা নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ স্থায়ীভাবে রুদ্ধ করার পথে হাঁটতে শুরু করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথমে আদালতের মাধ্যমে বাতিল ও পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্থায়ীভাবে রহিত করে। তখনও শেখ হাসিনার সরকার প্রশাসন, নির্বাচন কমিশন, আদালতসহ সকল পর্যায়ে নিজেদের বিশ্বস্ত ও অনুগত লোক বসিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। বিএনপি’র প্রতি সহানুভূতিশীল অনেক বিশিষ্টজন তখন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে পরামর্শ দিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূনর্বহালে বাধ্য করতে। প্রয়োজনে সরকার পতনের আন্দোলন ডাক দিতে। খালেদা জিয়াও এতে সম্মত ছিলেন।
কিন্তু বিএনপি’র স্থায়ী কমিটির একাংশ এবং ঢাকা মহানগরের তৎকালীন শীর্ষ নেতৃত্ব তত্ত্বাবধায়ক ইস্যুতে সর্বাত্মক আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন। তারা বলেন- এতে অহেতুক শক্তিক্ষয় হবে। বরং সরকারের মেয়াদের শেষ দিকে এক মাসের সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে সরকার ফেলে দিয়ে তত্তÍবধায়ক ব্যবস্থা পুনর্বহালে বাধ্য করা যাবে। যারা ২০১০-১১ সালের দিকে সর্বাত্মক আন্দোলনের পরামর্শ দিয়েছিলেন তাদেরকে হঠকারি ট্যাগ দিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। মূলতঃ এই ভুলই বিএনপিকে ১৬ বছর শুধু ভোগায়নি, অস্তিত্বের সংকটে ফেলে দেয়। ২০১৩ সালের মধ্যে সরকার ক্ষমতার নিয়ামক শক্তিগুলোর ওপর একাধিপত্য এবং সকল পর্যায়ে নিজেদের অবস্থান শক্তপোক্ত করে ফেলে। ২০১৩ সালের ডিসেম্বরের আন্দোলন তীব্র ও বিধ্বংসী হলেও সরকারের গদি টলানো যায়নি সামরিক-বেসামরিক আমলা, পুলিশ, বিজিবি, বিচারালয়সহ সর্বস্তরে শেখ হাসিনার অন্ধ অনুগতদের দিয়ে সাজিয়ে ফেলার কারণে। যতটা জানা যাচ্ছে, বিএনপি’র সেই ভুলটি করতে চায় না আওয়ামী লীগ। প্রশাসন, বিচারাঙ্গনসহ ক্ষমতা বলয়ে আওয়ামী লীগের প্রতি অনুগত ও সহানুভূতিশীলরা থাকতেই বড় ধরনের ধাক্কা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে যেতে চায় দলটি। শেখ হাসিনার ঘোষণার পেছনে এটাও এক কারণ হতে পারে। তবে তাদের এ ছক কতটা বাস্তবায়িত বা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে পারষ্পরিক সম্পর্ক, জুলাই আকাঙ্খার সংস্কার ও প্রত্যাশিত সুশাসন নিশ্চিতের ওপর।
লেখক : যুগ্ম সম্পাদক, আমার দেশ ও সিনিয়র সাংবাদিক, কলামিস্ট।