শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফুটবল ম্যাচ সামনে রেখে মালদ্বীপের প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

নিজস্ব প্রতিবেদক : আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ফুটবল ম্যাচকে সামনে রেখে মালদ্বীপ পুলিশ সার্ভিস সকলকে দায়িত্বশীলভাবে খেলা উপভোগ করতে এবং অন্যের অধিকার ও স্বাচ্ছন্দ্যের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

বুধবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এক সতর্ক বার্তায় এ তথ্য জানায়।

এতে আরো বলা হয়, রাতের বেলায় অনেক মানুষ বিশ্রামে থাকবেন। তাই আবাসিক এলাকায় বা সড়কে অপ্রয়োজনীয়ভাবে উচ্চস্বরে উল্লাস করা, জোরে গান বাজানো বা যানবাহনের হর্ন বাজিয়ে অন্যদের বিরক্ত করা থেকে বিরত থাকুন।

আপনি যদি কোনো পাবলিক স্ক্রিনিংয়ে খেলা উপভোগ করেন, তবে অনুগ্রহ করে আপনার মোটরসাইকেল বা যানবাহন এমনভাবে পার্ক করুন যাতে সড়ক অবরুদ্ধ না হয় এবং অন্য পথচারী বা যানবাহনের চলাচলে কোনো অসুবিধা সৃষ্টি না হয়।

খেলা শেষে বড় ধরনের জমায়েত বা মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকুন, কারণ এসব কার্যক্রম আশপাশের বাসিন্দাদের বিরক্ত করতে পারে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

শিশু, বয়োজ্যেষ্ঠ, প্রতিবেশী এবং সামগ্রিকভাবে সমাজের সবার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় রেখে দায়িত্বশীলভাবে খেলা উপভোগের আহ্বান জানিয়েছে দূতাবাস।