সোমবার, ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ সফর, ১৪৪৮ হিজরি

ট্রাম্পের জন্য বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, চরমে দর্শক ভোগান্তি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার ফলে স্টেডিয়ামে প্রবেশ করতে ফুটবলপ্রেমীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
৮২ হাজার ৫০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা।

এবারের টুর্নামেন্টে এই প্রথম কোনো ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে দেখতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার এই আগমনকে ঘিরেই স্টেডিয়ামজুড়ে নিরাপত্তার চাদর ঢেকে দেওয়া হয়েছে। পুরো স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ এখন মার্কিন সিক্রেট সার্ভিসের হাতে, যা দর্শকদের মাঠে প্রবেশের প্রক্রিয়াকে অনেকটাই ধীরগতির করে তুলেছে।

বিবিসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে প্রায় দুই ঘণ্টা করে লাইনে অপেক্ষা করতে হচ্ছে। স্টেডিয়ামের নিরাপত্তায় দ্বি-স্তর বিশিষ্ট ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা যৌথভাবে পরিচালনা করছে মার্কিন সিক্রেট সার্ভিস ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন।
সাধারণত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা টিএসএ-র কারণে দর্শকদের বিমানবন্দর স্টাইলের কঠোর স্ক্যানিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

সেখানে উপস্থিত এক গণমাধ্যমকর্মী জানান, তিনি একটি প্রবেশদ্বারে পৌঁছানোর পর তাকে অন্য লাইনে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কারণ ওই নির্দিষ্ট গেটে ব্যাগ তল্লাশির জন্য কোনো নিরাপত্তা কুকুর (সিকিউরিটি ডগ) উপস্থিত ছিল না।

স্টেডিয়ামে কর্মরত বিশ্বকাপ ভলান্টিয়াররা জানিয়েছেন, এই ভেন্যুতে এর আগে অনুষ্ঠিত হওয়া বিগত সাতটি ম্যাচের তুলনায় আজ ফাইনাল দেখতে অনেক বেশি মানুষ নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেডিয়ামে চলে এসেছেন। ভিড় সামলাতে এবং জটলা কমাতে স্থানীয় সময় সকাল ১১টায় (ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে) স্টেডিয়ামের গেটগুলো দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় মাঝেমধ্যে আরও কিছু অতিরিক্ত গেটও খুলে দেওয়া হচ্ছে।

দর্শকদের দীর্ঘ লাইন ও কড়াকড়ি থাকলেও, ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত ম্যাচ পিছিয়ে যাওয়া বা অন্য কোনো বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে জানা গেছে।