শনিবার, ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ সফর, ১৪৪৮ হিজরি

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে বাড়তি সুবিধা নিয়েই অভিযান শুরু করবে বাংলাদেশ। আইসিসি র‍্যাঙ্কিংয়ের সুবাদে টাইগাররা প্রথম রাউন্ড না খেলেই সরাসরি নকআউট পর্ব, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হয়েছে পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র। ড্র অনুযায়ী, পুরুষদের প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১০টি দল।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ফলে এই চার দলকে প্রথম রাউন্ডের বাধা পেরোতে হবে না। অন্যদিকে বাকি ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে মূলপর্বে ওঠার লড়াই করবে।

প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে।

এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়বে ১০টি দল।

অন্যদিকে, মেয়েদের ক্রিকেটে অংশ নেবে আটটি দল। দলসংখ্যা কম হওয়ায় তাদের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ভারতের মুখোমুখি হবে জাপান, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড।

মেয়েদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। পুরুষ ও নারী—উভয় বিভাগেই এশিয়ান গেমসে টি-টোয়েন্টি সংস্করণে পদকের লড়াই অনুষ্ঠিত হবে।