শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয়

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে হামলার শিকার হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গাড়িবহর। হামলায় এনসিপির অঙ্গসংগঠন যুবশক্তির তারেক জামিলসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
অন্তত চারটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন এনসিপি নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জের পাঁচমাইল এলাকায় তাদের গাড়ি হামলার শিকার হয়। গাড়িবহর গোলাপগঞ্জ উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে কানাইঘাটের দিকে যাচ্ছিল।

এনসিপির সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ হামলার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমাদের গাড়িবহর পাঁচমাইল এলাকায় পৌঁছালে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল গাড়িবহরের গতি রোধ করে।
রড ও দেশি অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। এ সময় আমার গাড়ি, সারজিস আলম, আতিফ মুজাহিদ ও ডা. মাহমুদা আলম মিতুর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আমরা বেরিয়ে এলে আমাদের ওপর ধাক্কাধাক্কি ও হামলা চালায়। তাদের হামলায় যুবশক্তি সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল আঘাতপ্রাপ্ত হন। তিনি চোখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।’

হামলার পর নিরাপত্তার অভাবে তারা ফিরে এসেছেন জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় এবং সেখানে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় আমরা বাধ্য হয়ে ফিরে এসেছি। এখন সার্কিট হাউসে আছি।’

এদিকে এনসিপি নেতা সারজিস আলম অভিযোগ করেছেন তাদের ওপর দুই দফায় হামলা হয়েছে। পাঁচমাইল বাজারের আগে তাদের ওপর গোলাপগঞ্জে হামলা হয় বলে দাবি তার।
দুই ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।