নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চেভেনিং স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে এ বৃত্তি।
বুধবার (৫ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ আগস্ট থেকে শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। চেভেনিং স্কলারশিপের মাধ্যমে বিশ্বের সম্ভাবনাময় নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিরা যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ পাবেন এবং একটি বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগ তৈরি হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেভেনিং প্রোগ্রাম গত ৪০ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে ভবিষ্যৎ নেতাদের গড়ে তুলতে কাজ করছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে নেতৃত্ব, প্রভাব বিস্তার, যোগাযোগ দক্ষতা এবং নিজ নিজ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতার প্রমাণ থাকতে হবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘চেভেনিং স্কলারশিপ বাংলাদেশের মেধাবী তরুণদের সম্ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে আমরা এসব প্রতিভাবান ব্যক্তিকে সহযোগিতা করতে পেরে গর্বিত।
এর মাধ্যমে দুদেশের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী হবে।’
১৯৮৩ সালে চালুর পর থেকে এ পর্যন্ত ৩৯৫ জনের বেশি বাংলাদেশি নাগরিক চেভেনিং স্কলারশিপ পেয়েছেন। যুক্তরাজ্য বলছে, আগামী দিনের নেতৃত্ব তৈরিতে এই কর্মসূচির মাধ্যমে দেশটির প্রতিশ্রুতি অব্যাহত রয়েছে।