শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ সফর, ১৪৪৮ হিজরি

আবার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, শিশুর মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে নুনুজিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৫ ব্লকে একটি শেল্টারের ওপর পাহাড়ধসের ঘটনা ঘটে।
এতে মাটিচাপা পড়ে গুরুতর আহত হয় নুনুজিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুনুজিয়া একই ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ভারী বৃষ্টির কারণে শেল্টারের ওপর পাহাড়ধসের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) আজগর আলী বলেন, বর্ষা মৌসুমে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেক পরিবার আবারও ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরে যাচ্ছে। এতে পাহাড়ধসসহ বিভিন্ন দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

এদিকে চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনা বেড়েছে। গত জুলাই মাসে কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ও দেয়ালধসের পৃথক ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়। সর্বশেষ এ ঘটনায় ক্যাম্পের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ক্যাম্প প্রশাসন জানিয়েছে, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।