মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ সফর, ১৪৪৮ হিজরি

১৫ দিনের সাজা দিয়ে সেই ভাইরাল মিজানকে পাঠানো হলো কারাগারে

নিজস্ব প্রতিবেদক : সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘ভাইরাল মিজান’কে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি একটি বোতল দিয়ে পুলিশের এক সদস্যকে আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল।
এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান। এ সময় মিজান তাদের ওপর চড়াও হন।

পরে রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।