মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোল করার পরই মাঠে জ্ঞান হারালেন জামাল মুসিয়ালা

স্পোর্টস ডেস্ক : জার্মানিতে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে লাইপজিগের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৩-১ গোলের জয়ের সময় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভিনসেন্ট কোম্পানির দলের হয়ে বদলি নেমে তৃতীয় গোলটি করার মাত্র কয়েক মিনিটের মাথায় মাঠে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান ২৩ বছর বয়সী জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা।

গতকাল ম্যাচের শুরুতে বেঞ্চে থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মুসিয়ালা। ম্যাচের ৩৬তম মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।
তবে গোলের কিছুক্ষণ পরেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মাঠে লুটিয়ে পড়েন।

মুসিয়ালাকে পড়ে যেতে দেখে বায়ার্নের সতীর্থরা দ্রুত ছুটে যান এবং মাঠের মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিতে মাঠে প্রবেশ করে।
কয়েক মিনিট চিকিৎসার পর মুসিয়ালা হেঁটে মাঠ ছাড়লেও তাকে বেশ বিভ্রান্ত ও অপ্রস্তুত দেখাচ্ছিল।

জার্মান সংবাদপত্র ‘বিল্ড’-এর তথ্য অনুযায়ী, তারকা এই মিডফিল্ডার হঠাৎ তীব্র মাথা ঘোরা ও রক্ত সঞ্চালনজনিত সমস্যায় (সার্কুলেটরি প্রবলেম) ভোগেন।
ম্যাচ চলাকালীন প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচণ্ড গরম ছিল, যা এই পরিস্থিতির পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক এই আতঙ্কের পর চিকিৎসা পেয়ে মুসিয়ালা দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। ম্যাচ শেষে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল তার শারীরিক অবস্থা নিয়ে সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘সে এখন সুস্থ আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’