মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ৬ মাস বয়সী এক শিশু সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। সন্তান হারিয়ে পাগলপ্রায় অবস্থায় দিন কাটাচ্ছেন মা তাছলিমা আক্তার।
তার আকুল আকুতি, ‘কোনো টাকা-পয়সা চাই না, আমার বুকের মানিক আমার কোলে ফেরত চাই।’
গত ১৮ জুলাই শিশুটি নিখোঁজ হলেও ঘটনার এক মাস পরও (১৭ আগস্ট পর্যন্ত) তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
জানা যায়, ভুক্তভোগী তাছলিমা আক্তার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে। তিনি মোস্তফাপুর গ্রামের আল-আমিনের স্ত্রী।
এই দম্পতির ৬ মেয়ে ও ২ ছেলের মধ্যে বিক্রি হওয়া শিশুটি সবার ছোট।
ঘটনার বর্ণনা দিয়ে মা তাছলিমা আক্তার বলেন, ‘গত ১৮ জুলাই অসুস্থ অবস্থায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে রামচন্দ্রপুর আবদুল মজিদ কলেজ মাঠে তার খালা ছেনোয়ারা বেগম জোরপূর্বক একটি স্ট্যাম্পে তার স্বাক্ষর নেন। স্ট্যাম্পের বিষয়বস্তু বুঝতে না পারলেও বাড়ি ফিরে তিনি নিজের কোল খালি দেখতে পান। পরবর্তীতে তিনি জানতে পারেন, তার খালা চক্রান্ত করে ৫০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে খালা ছেনোয়ারা বেগম দাবি করেন, এই বিষয়ে তাছলিমার মামা বাবুল মিয়া বিস্তারিত জানেন। অন্যদিকে মামা বাবুল মিয়া নিজেকে কেবল স্ট্যাম্পের সাক্ষী দাবি করে জানান, শিশুটির বাবা আল-আমিন এ বিষয়ে সব কিছু বলতে পারবেন। ঘটনার পর থেকে শিশুটির বাবা আল-আমিনের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আলম জানান, শিশুটি বর্তমানে কোথায় আছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিশুটিকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় সব আইনি সহায়তা দেবে।