মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী) বলেছেন, ‘দেশের মানুষ বিদ্যুৎ না পাওয়ার কারণ হচ্ছে গ্যাসের আমদানি নির্ভরতা। ফ্যাসিবাদ গত ১৭ বছরে কিছু করেনি।
বরং গ্যাস আমদানির নামে টাকা লুটপাট করেছে।’

রবিবার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, শিগগিরই তারেক রহমান সরকারের নেতৃত্বে এ সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, ‘আগামীতে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা আমাদের নিজস্ব সোর্স থেকে গ্যাস উৎপাদন করতে পারলে বিদ্যুতের আর কোনো সমস্যা হবে না।
বিএনপি এদেশের মানুষের হৃদয়ের কথা জানে। সকল ধর্ম বর্ণ ও মতের মানুষজন নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ইতিমধ্যেই পরিকল্পনার বাস্তবায়ন চলছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ সকল পেশার লোকজনকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান রয়েছে। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দিয়েছিলেন, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে।

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে, এজন্য একটু ধৈর্য ধরতে হবে।’

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক প্রমুখ।