শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তান রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।