শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার ছাত্রদলে যোগদান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা ছাত্রদলে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে গাজীপুরের কারখানা বাজার এলাকায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরনের হাতে ফুল দিয়ে তারা ছাত্রদলে যোগ দেন।

ছাত্রদলে যোগ দেয়া নেতারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক সিনিয়র সংগঠক কাজী ওমর হামজা ও গাজীপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সদস্য সাব্বির খান হিমেল।

শুক্রবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর কারখানা বাজার এলাকায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপন করেন। আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী দুইনেতা ছাত্রদলে যোগদান করেন।

এতে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল, কাউলতিয়া সাংগঠনিক থানা ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম, কামরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক সিনিয়র সংগঠক কাজী ওমর হামজা বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির অনেক নেতাকর্মী তাদের আদর্শিক অবস্থান থেকে সরে গেছেন বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আমরা ছাত্রদলে যোগদান করি।দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই।

এব্যাপারে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, তরুণ ও ছাত্র আন্দোলনের সংগঠকদের ছাত্রদলে যোগদান সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। নতুনদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে গাজীপুরে ছাত্রদলের কার্যক্রম আরও বেগবান করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।