ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকার পণ্য নিয়ে একটি নৌকা ডুবে গেছে।
সোমবার সকালে উপজেলার বড়বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া নৌকা এবং মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয় লোকজন কাজ শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, জেলা শহরের জগৎবাজার থেকে নৌ পথে বিভিন্ন মালামাল নিয়ে একটি নৌকা সকালে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় তিতাস নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়।
পরে নৌকাটি কাত হয়ে উল্টে যায়। এতে নৌকায় থাকা মালামালের অধিকাংশই পানিতে তলিয়ে যায়।
আখাউড়া বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। তলিয়ে যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।