নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নকলা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতবাড়ি ও ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হুজুরীকান্দা গ্রামের প্রতিবন্ধী সিফাতের দুচালা ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের আরিফুল ইসলামের হাফ-বিল্ডিং ঘরেও ছড়িয়ে যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরপুর সদর ও নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে দুটি ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।
শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হই।