বরিশাল প্রতিনিধি : প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন। হঠাৎ তাঁর চোখে পড়ে দুটি প্লাস্টিকের পাত্র। কাছে যেতেই থমকে দাঁড়ান তিনি। পাত্র দুটির ভেতরে পড়ে ছিল দুই নবজাতক একটি ছেলে ও একটি মেয়ে। দুজনেরই নিথর দেহ।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপে মৃত নবজাতক দুটিকে পাওয়া যায়।
পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেছেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের পাত্র চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ময়লার স্তূপে পাশাপাশি পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ দেখে অনেকেই হতবাক হয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাঁদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে এসে থাকতে পারে।
বরিশাল মহানগরের কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম জানায়, নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়। নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।