নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের ইবনে মাসউদ মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেন আল আমিনকে গুম ও হত্যার ঘটনায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাবেক প্রধান আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। এর আগে গত মাসে এ ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনে তৎকালীন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক আহমেদ ও তৎকালীন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মিয়াসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩০ জানুয়ারি ডিবি পুলিশের পরিচয়ে গাজীপুরের ইবনে মাসউদ মাদরাসা থেকে আবুল হোসেন আল আমিনকে তুলে নেওয়া হয়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জানুয়ারি ইশতিয়াক আহমেদের নেতৃত্বে সিটিটিসির একটি দল তাকে আটক করে মিন্টো রোডের সিটিটিসি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে টানা ১৮ দিন শারীরিক নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, মৃত্যুর ঘটনা গোপন করতে কেরানীগঞ্জের তুলসীখালী সেতু থেকে তার মরদেহ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ২৮ জানুয়ারি দেশের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি। তাঁদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই আল আমিনকে আটক করা হয়েছিল।