নিজস্ব প্রতিবেদক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত কয়েকদিন রাকিবুল হাসান ডিবির হেফাজতে ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, সে গত কয়েকদিন কোথায় ছিল, তা আমার জানা নেই।
এর আগে অডিও ভাইরালের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ওসির পদ থেকে সরিয়ে তাকে সংযুক্ত করা হয়েছিল।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ বিষয়ে জানিয়েছিলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়।
ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।
ওসির অডিও ছড়িয়ে পড়লে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। এরপর কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে।