নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
জাতিসংঘের অফিসিয়াল তথ্য অনুযায়ী, জাইমা রহমানকে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন।
খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে জাইমা রহমানসহ বাংলাদেশের কয়েকজন নাগরিক রয়েছেন। জাতিসংঘের প্রকাশিত তালিকায় জাইমা রহমান ছাড়াও মাফিজুল ইসলাম ও মো. রফিকুল আলম মোল্লার নাম পাওয়া গেছে।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
তিনি যুক্তরাজ্যের লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন।
পরবর্তীতে যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। সম্প্রতি ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছেন।
খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ২০২৬ সালের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয় এবং এক বছরের জন্য তিনি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়টি সভাপতিকে পুরো অধিবেশনজুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। কার্যালয়টি সদস্যরাষ্ট্র, পর্যবেক্ষক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কেন্দ্র হিসেবেও কাজ করে।
খলিলুর রহমান তার নির্বাচনের পর দেওয়া বক্তব্যে জানিয়েছিলেন, তিনি এমন একটি কার্যালয় গড়ে তুলবেন যেখানে ভৌগোলিক, লিঙ্গ ও ভাষাগত ভারসাম্য থাকবে। একই সঙ্গে কার্যালয়ের কার্যক্রম পরিচালনায় সদস্যরাষ্ট্রগুলোর সহযোগিতা এবং ট্রাস্ট ফান্ডে অবদানের আহ্বান জানিয়েছিলেন তিনি।
সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের অর্থায়নের ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেটের পাশাপাশি ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাও রয়েছে। জাতিসংঘের একটি নথি অনুযায়ী, নিয়মিত বাজেট থেকে সভাপতির সরকারি দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট আতিথেয়তা, সরকারি ভ্রমণ ও অন্যান্য ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করা হয়।