নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী গ্রামে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতাদের দু’ দফায় হামলায় আহতদের হত্যার হুমকির অভিযোগ করেন ভুক্তভোগী বেলাল হোসেন।
ভুক্তভোগী পরিবারের বেলাল হোসেন (৫৮) অভিযোগ করে বলেন, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরনবী, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি ওমর ইবনে ফয়সাল জুয়েল, তার ভাতিজা অয়নের নেতৃত্বে প্রথমে তাদের বসত বাড়িতে হামলা হয়। সন্ত্রাসী হামলায় আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর পুনরায় একই সন্ত্রাসীরা বহিরাগতদের নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হামলা করে ৫ জন নারী পুরুষকে আহত করে।
এরপরও সন্ত্রাসীরা ক্ষান্ত না হয়ে আহতদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী বেলাল হোসেন বাদী হয়ে ৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগী বেলাল হোসেন হামলার ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে স্থানীয়, সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।