খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ ‘রফিক বাহিনীর’ দুই সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সালাউদ্দিন আহমেদ (২৯) ও আবিদ হাসান রানা (৩৮)।
শুক্রবার সকালে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। সকাল পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার বাসার শয়নকক্ষে বিছানার নিচে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ ও ২৪টি শর্টগানের তাজা কার্তুজ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ‘রফিক বাহিনীর’ সক্রিয় সহযোগী বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে তারা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সহযোগীদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযান প্রসঙ্গে সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অপরাধী যতই সংঘবদ্ধ বা পরিকল্পিত হোক, তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। এ ঘটনায় জড়িত অন্য সহযোগী ও ইন্ধনদাতাদের শনাক্তে তদন্ত চলছে। জননিরাপত্তা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় খুলনা মহানগর পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।