খুলনা প্রতিনিধি : সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রয়েল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, ‘রক্তের দাগ শুকানোর আগেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে দুঃস্বপ্ন দেখছেন, তা কখনো বাস্তবায়ন হবে না। বাংলার মাটিতে তার আর কোনো ঠাঁই নেই।’
শফিকুল আলম তুহিন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। সেই ঘটনার পর বাংলার মাটিতে তার বা তার সহযোগীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরতে চাইলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা রাজপথে হামলা, মামলা ও গুলির মুখে আন্দোলন করেছেন। অথচ এখন অনেকে বিএনপির নেতৃত্ব ও নেতাদের নিয়ে কটূক্তি করছেন। জনগণ অতীতে সরকারের পতন দেখেছে, এবার দেশবিরোধী অপশক্তির পতন দেখবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি, ছাত্রদলের আহ্বায়ক আজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবসহ নগর, থানা, কলেজ ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।