খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় দুই কোটি টাকা ব্যায়ে জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া এমপি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত দেওয়ানপাড়া জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয় নবনির্মিত ভবনের উদ্বোধনের মধ্যদিয়ে ভবনের প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি। দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নতুন একাডেমিক ভবনের মাধ্যমে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও সুন্দর ও আধুনিক পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সিএইচটি মিশনারী বুড্ডিস্ট মংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা,ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ,ভারপ্রাপ্ত মাটিরাঙ্গা জোন কমান্ডার মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।