নিজস্ব প্রতিবেদক : ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আবদুল হাই সরকার।
আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএবির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএবির অন্যান্য সদস্যরাও ছিলেন।
আবদুল হাই সরকার বলেন, গভর্নরের সঙ্গে বৈঠকটি মূলত পরিচিতিমূলক ছিল। এতে ব্যাংকিং খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দেশের স্বার্থে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে দুর্বল ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করা এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে বিএবি চেয়ারম্যান বলেন, গভর্নরের মনোভাব বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ইতিবাচক এবং ব্যাংকিং খাতের উন্নয়নে তিনি আন্তরিক।
প্রভিশন সংক্রান্ত গাইডলাইন নিয়ে প্রশ্ন করা হলে বিএবি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত এই পদ্ধতিটি বাংলাদেশের অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে।
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে কর্মরত বাংলাদেশি কর্মীদের কাজের পরিবেশ ব্যাহত হলে তা দেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব পরিস্থিতির স্থায়িত্বের ওপর নির্ভর করবে।
এদিকে সরকারের ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও ব্যাংকিং খাতের সহায়তার প্রয়োজন রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। টেকসই ও কার্যকর প্রকল্পের ভিত্তিতে ব্যাংকগুলো অর্থায়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানানো হয়।